নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ডে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভূইয়া-সহ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন অপ-প্রচার এবং চাঁদাবাজির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের হল রুমে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেন রফিক।
তিনি বলেন, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌরসদর এলাকায় অবস্থিত হোটেল সাইমুনে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র চাঁদার দাবীতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বে থাকা ম্যানেজারকে মারধর করে। ঘটনায় হোটেলে অবস্থানরত নারী-পুরুষসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এ ঘটনার কিছুক্ষণ পর সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক নুরুদ্দীন, ক্রীড়া সম্পাদক মোহন পালসহ নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযোগ যাচাই করা হলে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমিতির নেতৃবৃন্দের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরবর্তীতে চাঁদা দাবি করে। এছাড়া দুর্বৃত্তদের মব সৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের মধ্যে আতঙ্কের কারণে সীতাকুন্ডে পর্যটক হ্রাস পাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, অভিযুক্ত আসাদুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ স্থানীয়ভাবে উত্থাপিত হয়েছে এবং এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।
উপস্তিত বক্তারা বলেন, সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমান পরিস্থিতিতে এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সীতাকুণ্ডের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মষতিগ্রস্ত হতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ছালে আহমেদ ছলু, সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক শ্রীদাম চন্দ্র দে, সহ দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দেসহ কমিটির সকল নির্বাহী সদস্যগণ।



